অপেক্ষার প্রহর শেষ, রাত পোহালেই ভোট ও গণভোট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন বহু ভোটার—এমন প্রেক্ষাপটে নির্বাচনকে ঘিরে জনমনে তৈরি হয়েছে উৎসবের আমেজ ও প্রত্যাশা। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে; এখন কেবল ভোটগ্রহণের অপেক্ষা।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে। নির্বাচন সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। তবে অনলাইনে প্রচারণা চালানো যাবে এবং এতে আচরণবিধি লঙ্ঘন হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রার্থীরা অনানুষ্ঠানিক প্রচারণা, পোলিং এজেন্ট চূড়ান্তকরণ ও ভোটের মাঠের হিসাব-নিকাশে ব্যস্ত সময় পার করছেন।
এবারের নির্বাচনে মোট ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। একটি আসনে ভোট স্থগিত থাকায় সেখানে নির্বাচন হবে না। নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। ভোটগ্রহণের জন্য সারা দেশে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক কেন্দ্র সাধারণ এবং বাকি অর্ধেক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকাল সাড়ে ৪টার পরও কেন্দ্রের ভেতরে থাকা ভোটারদের ভোট নেওয়া হবে।
নির্বাচন পরিচালনায় এবার বিশাল জনবল নিয়োজিত থাকছে। প্রায় ৮ লাখ কর্মকর্তা নির্বাচন-সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও অন্যান্য বাহিনী মাঠে থাকবে। এছাড়া দায়িত্ব পালন করবেন ২ হাজারের বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রায় এক হাজার বিচারিক ম্যাজিস্ট্রেট।
নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে কমিশন। অধিকাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এসব ক্যামেরার ফিড নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে পর্যবেক্ষণ করা হবে। কোথাও গোলযোগ বা অনিয়মের অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে কমিশন।
এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন প্রায় ৪৫ হাজার দেশীয় পর্যবেক্ষক, প্রায় ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক এবং প্রায় ১০ হাজার সাংবাদিক। ইতোমধ্যে ১৫৬ জন বিদেশি সাংবাদিক নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। প্রধান দলগুলোর মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও অন্যান্য দলগুলো উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী দিয়েছে। বিভিন্ন জরিপে বিএনপি এগিয়ে থাকার আভাস মিললেও ভোটের ফলাফল নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ভোটের মাঠে কালো টাকা বিতরণ ও অনিয়মের আশঙ্কার কথাও জানিয়েছে কিছু রাজনৈতিক দল।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের টাকা বিতরণ বা প্রভাবিত করার চেষ্টা করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। এ ধরনের অপরাধে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতাও বাতিল করা হতে পারে। ইতোমধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০০টির বেশি মামলা হয়েছে এবং ৫০০টির বেশি তদন্ত শেষ হয়েছে।
ভোটের দিন মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ থাকবে। ভোটকেন্দ্রে শুধুমাত্র নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক ও পর্যবেক্ষক সীমিতভাবে ফোন ব্যবহার করতে পারবেন। ভোটাররা গোপন কক্ষে মোবাইল নিতে পারবেন না। লাইভ সম্প্রচার বা ভোটার সাক্ষাৎকার গ্রহণও নিষিদ্ধ থাকবে।
এবারের নির্বাচনে দুটি আলাদা ব্যালট ব্যবহার করা হবে—সাদা ব্যালট সংসদ নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালট গণভোটের জন্য। দুটি ব্যালটের ফলাফল একসঙ্গে গণনা ও প্রকাশ করা হবে, যাতে বিভ্রান্তি না সৃষ্টি হয়। নির্বাচন কমিশন আশা করছে, বেশিরভাগ আসনের ফলাফল ভোটের রাতেই পাওয়া যাবে।
নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। কমিশনের ভাষ্য, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন আয়োজনের জন্য অনুকূল। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হবে বলে তারা আশা করছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত