রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:১৮ | আপডেট : ২১ মে ২০২৬, ১৪:০৪
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের রজব আলীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান। তিনি জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায়। নাতনির অসুস্থতার কারণে প্রায় ১৫ দিন আগে তিনি সেখানে বেড়াতে আসেন। বুধবার সকালে নিজ বাড়ি সাতক্ষীরায় ফেরার উদ্দেশ্যে বের হন তিনি। পথে গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতাবশত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত