নন্দীগ্রামে বিএনপির প্রয়াত নেতা শরিফুলের মৃত্যুর পর দিশেহারা পরিবার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৩৭ | আপডেট : ২১ মে ২০২৬, ১৪:১৭
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দলিল লেখক শরিফুল ইসলামের মৃত্যুর পর পরিবারে নেমে এসেছে একের পর এক দুর্দশা। গত বছর সড়ক দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যুর পর থেকেই পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শরিফুল ইসলাম এলাকায় একজন সৎ, সাহসী ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক ও সামাজিকসহ নানা কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা এবং আস্থা অর্জন করেছিলেন। কিন্তু হঠাৎ সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু পরিবারটিকে অসহায় অবস্থায় ফেলে দেয়। এরপর থেকেই যেনো বিপদ পিছুই ছাড়ছে না পরিবারটির।
কয়েক মাস আগে তাঁদের বাড়িতে সংঘটিত হয় ডাকাতির ঘটনা। এতে পরিবারের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট হয়ে যায়। সেই ক্ষতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাঁদের বসতবাড়ি। ঝড়ের তাণ্ডবে ঘরের টিন উড়ে যায়, দেয়াল ভেঙে পড়ে এবং বাড়ির বড় একটি অংশ বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
বর্তমানে পরিবারটি চরম কষ্টের মধ্যে দিন পার করছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এমনিতেই দিশেহারা পরিবারটি এখন মাথা গোঁজার ঠাঁই নিয়েও সমস্যায় রয়েছে। সন্তানদের লেখাপড়া, খাবার ও চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। শরিফুল ইসলামের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছিলো। স্থানীয়দের মতে, একজন ত্যাগী রাজনৈতিক কর্মীর পরিবারের এমন দুর্দশা সত্যিই হৃদয় বিদারক। এদিকে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন খবরটি জানার পর পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।এলাকাবাসীর দাবি, দ্রুত সহযোগিতার হাত বাড়ানো না হলে পরিবারটি আরও গভীর সঙ্কটে পড়বে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত