প্রথমবার বড় পর্দায় একসাথে অপু বিশ্বাস এবং সাইমন সাদিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৫ | আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ২০:১১
ফাইল ছবি
ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাসের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘অপু-জয় প্রোডাকশন হাউস’। ২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটি ‘লাল শাড়ি’ ছবির জন্য সরকারের অনুদান পেয়েছে।
ছবিতে অপু বিশ্বাস নিজেও অভিনয় করবেন। তাঁর বিপরীতে এবার যুক্ত হলেন নায়ক সাইমন সাদিক। গতকাল সোমবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। এবারই প্রথম দুজন পর্দা ভাগাভাগি করবেন।
অপুর বিপরীতে প্রথম কাজের ব্যাপারে সাইমন বলেন, ‘অপু বিশ্বাস ঢাকাই ছবির জনপ্রিয় একজন নায়িকা। আমি সিনেমায় আসার আগে অপু বিশ্বাসের নায়িকা হিসেবে প্রথম অভিনীত ছবি “কোটি টাকার কাবিন” দেখেছিলাম। এ ছাড়া অপু বিশ্বাসের অনেক সিনেমা আমার দেখা। তাঁর সঙ্গে আমার প্রথম কাজ হবে। নিঃসন্দেহে এটি আমার জন্য আনন্দের।’
এই অভিনেতা আরও বলেন, ‘ছবির গল্প পড়ে মুগ্ধ হয়েছি। একটা ভিন্ন রকমের সাবজেক্ট নিয়ে ছবির গল্প লেখা। সুতরাং একটা ভালো গল্পে ভালো কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছবিটি নিয়ে তেমনই প্রত্যাশা।’
আমাদের দেশে একসময় তাঁতশিল্প দারুণ সমৃদ্ধ ছিল। সেই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়টিকে গল্পে উপজীব্য করেই ছবির কাহিনি তৈরি হয়েছে। এর কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।
ছবির পরিচালক জানান, আগামী ১ নভেম্বর থেকে টাঙ্গাইল অথবা মানিকগঞ্জে ছবির শুটিং শুরু হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত