আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকও আয়োজন করতে চায় পাকিস্তান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪২ | আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:২৭
সংঘাত নিরসনে ইসলামবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় দ্বিতীয় দফার বৈঠক আয়োজন করতে চায় পাকিস্তান। বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা চাইছে, এই আলোচনাও ইসলামাবাদেই হোক। সংবাদসংস্থা এপি পাকিস্তানের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। দ্বিতীয় দফার বৈঠক আয়োজন করার জন্য ইতিমধ্যে পাকিস্তান প্রস্তাবও দিয়ে দিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরান এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি ইসলামাবাদকে।
ইসলামাবাদ মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত নিরসনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা শুরু করেছে। আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ার প্রাথমিক পর্ব থেকেই দূতিয়ালি করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রও তাদের শর্তাবলি পাকিস্তানের মাধ্যমেই ইরানকে পাঠিয়েছিল। গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকেরও আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু সেই বৈঠক ভেস্তে গিয়েছে। ইসলামাবাদের হোটেলে প্রায় ২১ ঘণ্টা আলোচনার পরে কোনও সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।
এরই মধ্যে ফের যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে, গত শনিবাপরের ইসলামাবাদ বৈঠকেই মূল আলোচ্য বিষয়গুলোর প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে সমঝোতায় পৌঁছে গিয়েছিল দু’দেশ। তবে বাকি অংশটুকু নিয়ে কোনও তাৎক্ষণিক সমাধান বেরিয়ে আসেনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে মার্কিন কর্মকর্তা সূত্রে এপি জানায়, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারে দুই দেশ। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
এই তথ্য প্রকাশ্যে আসার অব্যবহিত পরেই জানা যায়, দ্বিতীয় দফার বৈঠকের আয়োজন করতে চাইছে পাকিস্তান। নাম গোপন রাখার শর্তে (এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্যের এক্তিয়ার ছিল না তাদের) সংবাদসংস্থা এপিকে এমনটাই জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা। ওই কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও ইরান অন্য কোনও জায়গায় আলোচনায় বসতে চায় কি না, তার উপরে নির্ভর করছে পাকিস্তানের প্রস্তাব কার্যকর হবে কি না। তাদের দাবি, প্রথম দফার বৈঠক কোনও সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ঠিকই, তবে এটি ছিল সার্বিক কূটনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত