কুমিল্লায় ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ৭ জনের

  জেলা প্রতিনিধি, কুমিল্লা:

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩২ |  আপডেট  : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:০১

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চালবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন।সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় হতাহতরা সবাই কৃষি শ্রমিক। কাজের সন্ধানে তারা দিনাজপুর থেকে চালের বস্তাভর্তি ট্রাকের ওপর চেপে যাচ্ছিলেন। হতাহতরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা।নিহতরা হলেন–দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন, আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন, ফজলুর রহমানের ছেলে আব্দুস সালেক, একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন, মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন, একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ।

স্থানীয়রা জানান, চালবোঝাই করা ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। রাত ৩টার দিকে হাসানপুর এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে উল্টে যায়। এতে যানটির ওপরে থাকা যাত্রীদের মধ্যে সাতজন ট্রাকটির নিচে চাপা পড়ে মারা যান। আহত হন আরো ছয়জন। কম খরচে চট্টগ্রাম যাওয়ার জন্য তারা ট্রাকটিতে উঠেছিলেন বলে জানা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। এছাড়া আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত