নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৮:৪৪ |  আপডেট  : ১০ জুন ২০২৬, ২০:০৩

'অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সেশন পরিচালনা করেন যথাক্রমে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ও নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সাম মোহাম্মদ। গ্রাম আদালত উন্নয়ন বিষয়ক সার্বিক আলোচনা ও উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইয়াছিন আলী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শারমিন আকতার, সাংবাদিক ফজলুর রহমান, মনিরুজ্জামান, আব্দুর রউফ উজ্জল, ব্র‍্যাক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক আনিনুল ইসলাম, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের এলাকা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, আশার নন্দীগ্রাম শাখা ব্যবস্থাপক শামসুল হক, এসকেএস ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক জুয়েল বাবু, উদ্দীপন নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক এরশাদ আলী, গাক নন্দীগ্রাম শাখার অফিস সহকারী পারুল বানু ও অফিস সহকারী সেলিম উদ্দিন প্রমুখ। এছাড়াও বেশকিছু সক্রিয় এনজিও'র সদস্যগণও উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালত অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত