মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৪:৫৭ |  আপডেট  : ১০ জুন ২০২৬, ১৬:১১

মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি মাজহারুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারকৃত মাজহারুল শেখ (৩৫) রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা। তিনি নজরুল শেখের ছেলে। পুলিশ জানায়, রাজৈর থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা, চাঁদাবাজি, ডাকাতি, হামলা ও ভাঙচুরসহ একাধিক অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তিনি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মাজহারুল শেখ দীর্ঘদিন ধরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর থানার মামলা নং-৪৩, তারিখ ৩১ মে ২০২৬-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১০ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়। 

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনের আওতায় এনে মাজহারুল শেখকে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত