গজারিয়ায় সচেতন সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সামাজিক সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩২ | আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি, ঐক্য ও জনকল্যাণের প্রত্যয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “সম্মিলন, জাগরণ, উত্তরণ” স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করে গজারিয়া সচেতন সমাজ।গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থিত শাহশের আলী গ্রীন লাউঞ্জ-এ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এ মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য শুধু সরকার নয়, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গজারিয়াকে একটি শিক্ষিত, মানবিক ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হলে সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “যুবসমাজকে দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করতে হবে। পারস্পরিক হানাহানি ও বিভাজন নয়, বরং সম্প্রীতি ও সহনশীলতার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি। গজারিয়ার সার্বিক উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গজারিয়া সচেতন সমাজের প্রধান উপদেষ্টা ও রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.আতাউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া সচেতন সমাজের সভাপতি মো. রুহুল আমিন খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গজারিয়ার উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ নয়; সামাজিক ও নৈতিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই একটি সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে উঠুক, যেখানে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকবে।”
সঞ্চালনা করেন গজারিয়া নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড.আতাউল রহমান মিয়াজী, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান,গজারিয়ায় থানার ওসি(তদন্ত) সাব্বির রহমান ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান। বক্তারা সামাজিক শৃঙ্খলা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসম্পৃক্ত কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও গজারিয়ার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত