সিংড়া চলনবিলে ধান কাটার সময় 'চাল-পানি' খেয়ে বিষক্রিয়া: ৮ শ্রমিক হাসপাতালে ভর্তি

  রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:২৬ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৬, ২০:৩৯

নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলের ধান কাটার সময় চাল-পানি খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৮ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে চলনবিলে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামের কৃষক আব্বাস আলীর জমিতে একই গ্রামের ১৪-১৫ জন শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। দুপুরের বিরতির সময় জমির মালিক আব্বাস আলীর পক্ষ থেকে তাদের চাল ও পানি খেতে দেওয়া হয়। খাবার গ্রহণের কিছুক্ষণ পর থেকেই শ্রমিকদের মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে শুরু করে। একে একে ৮জন শ্রমিক বমি, প্রচণ্ড মাথা ঘোরা এবং শারীরিক দুর্বলতায় নেতিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শ্রমিকরা হলেন, আনোয়ার (৩০), আজাদ (৪০), রমিজুল (৩৮), ইয়াসিন (২৫), ইউসুফ (২৬), হাসেম (৪০), মনির (২৫) এবং আবু বক্কর ছিদ্দিক (২৬)। তারা সবাই গাড়াবাড়ী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী শ্রমিক আবু বক্কর সিদ্দিক বলেন, ধান কাটার সময় খুব পিপাসা লেগেছিল। মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দিলে আমরা সবাই তা খাই। খাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের শরীর খারাপ লাগতে শুরু করে। এরপর কি হয়েছে ঠিকমতো মনে নেই।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে লক্ষণ দেখে এটি খাবারে বিষক্রিয়া (Food Poisoning) বলে মনে হচ্ছে। তবে বর্তমানে সকল রোগী আশঙ্কামুক্ত এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জমির মালিক আব্বাস আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। খাবারে কিভাবে বিষাক্ত পদার্থ মিশলো বা এটি কোনো দুর্ঘটনা কি না, তা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত