গজারিয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:০৯ | আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২০:৩৮
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রাম সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান শাহাদাত। গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন বলেন, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত