শ্রীনগরে ভন্ড কবিরাজ গ্রেপ্তার
নজরুল ইসলাম, শ্রীনগর:
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৬ | আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০২:৩৬
শ্রীনগরে স্বামীর ঘরে ফিরতে কবিরাজের কাছে বাড়িতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে পচু সরকার(৬০) নামে ওই ভন্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বেজগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাটাভোগ ইউনিয়নের ৩৫ বছরের এক নারীর সাথে তার স্বামীর বিচ্ছেদ হয়ে যায়। ১ সন্তানের জননী ওই নারী তার স্বামীর সাথে পুনরায় ঘর করার জন্য একাধিক বার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সে প্রায় ৫ মাস আগে এলাকায় কবিরাজ হিসাবে পরিচিত উপজেলার ছনবাড়ির এলাকার মৃত দীনেশ মুক্তারের ছেলে পচু সরকারের কাছে তদবির(চিকিৎসা) নিতে যায় । এসময় পচু সরকার ওই নারীকে তার আসনের মালিককে খুশি করার কথা বলে ধর্ষণের চেষ্টা করে। ওই নারী বাধা দিতে গেলে তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে ধর্ষণে বাধ্য করে। গত কয়েক মাসে পচু সরকার একই কায়দায় ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে।
কবিরাজ পচু সরকারের লালসার শিকার ওই নারী তার হাত থেকে রক্ষা পেতে বেশ কিছুদিন আগে প্রকাশ্যে কবিরাজকে মারধর শুরু করে। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে পচু সরকারের ছেলে দিপ্ত সরকার ও তার লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে ওই নারীর উপর চাপ তৈরি করে এবং একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া চেষ্টা করে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে পুলিশ আসামীকে গ্রেপ্তার করেছে।

- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত