সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:২৩ |  আপডেট  : ১৮ মার্চ ২০২৬, ১২:৫৪

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল্লাহ আল মামুন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

আজ বুধবার সকালে প্রবাসীর বাবা শহীদ সওদাগর ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে থাকা মামুন ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন। এর পর থেকে মামুন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার সৌদি আরবের সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

নিহত মামুনের মামাতো ভাই শাওন মোড়ল জানান, আবদুল্লাহ আল মামুনের একটি ছেলেসন্তান আছে।৮ মার্চের ওই হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। মামুন মিয়াসহ বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত