শতাধিক ককটেল বিস্ফোরণ, ঘরবাড়ি ভাঙচুর

বিয়ের অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে রণক্ষেত্র মাদারীপুর   ​

  এসআর শফিক স্বপন  মাদারীপুর ​

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৭:৫৪ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯

মাদারীপুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত চলা এই সহিংসতায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শুরু শনিবার দুপুরে। শহরের 'প্লানেট কমিউনিটি সেন্টার'-এ ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠান চলাকালীন বসার চেয়ার নিয়ে থানতলী এলাকার আকিব এবং পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে কথা-কাটাকাটি হয়। উপস্থিত অতিথিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দিলেও বিরোধের রেশ থেকে যায়।

​বিয়ের অনুষ্ঠানের সেই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।​সন্ধ্যা থেকে রাত মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দে পুরো থানতলী ও পাকদী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।​রাত ৯টার দিকে পরিস্থিতি চরম আকার ধারণ করলে সদর মডেল থানা পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​পুলিশি টহল শিথিল হওয়ার সুযোগে সোমবার ভোররাতে আবারও অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পাকদী এলাকায় অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং ৫ জন জখম হন।​বর্তমানে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,​"খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত