মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৮:২২ |  আপডেট  : ১১ জুন ২০২৬, ২০:৫৪

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে ‘মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় সদর উপজেলার রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বের বিষয় ছিল “সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ না অভিশাপ?” এবং ফাইনাল পর্বের বিষয় ছিল “বই পড়ার অভ্যাস কমে যাওয়ার জন্য প্রযুক্তি দায়ী”।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও মিরকাদিম পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান।

প্রতিযোগিতায় মিরকাদিম পৌরসভার চারটি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনালে মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ও রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ও প্রতিযোগিতায় অংশ নেয়।

বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদুর রহমান বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে।” তিনি শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত