বিয়ের অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে রণক্ষেত্র মাদারীপুর
প্রকাশ : 2026-03-30 17:54:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত চলা এই সহিংসতায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শুরু শনিবার দুপুরে। শহরের 'প্লানেট কমিউনিটি সেন্টার'-এ ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠান চলাকালীন বসার চেয়ার নিয়ে থানতলী এলাকার আকিব এবং পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে কথা-কাটাকাটি হয়। উপস্থিত অতিথিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দিলেও বিরোধের রেশ থেকে যায়।
বিয়ের অনুষ্ঠানের সেই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সন্ধ্যা থেকে রাত মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দে পুরো থানতলী ও পাকদী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।রাত ৯টার দিকে পরিস্থিতি চরম আকার ধারণ করলে সদর মডেল থানা পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশি টহল শিথিল হওয়ার সুযোগে সোমবার ভোররাতে আবারও অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পাকদী এলাকায় অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং ৫ জন জখম হন।বর্তমানে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,"খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"