অস্ট্রেলিয়াকে উড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৫২ | আপডেট : ১২ জুন ২০২৬, ১৪:০৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১১ জুন) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান তিনি।
এদিন রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।
এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ দলের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
তারেক রহমান বলেন, এই জয় দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আগামী দিনগুলোতে আরও বড় বড় সাফল্য অর্জন করবে।
তিনি খেলোয়াড়দের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত