বিএনপিকে চীনের শুভেচ্ছা, নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০১ | আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১০
দেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় দশক পর অবাধ পরিবেশে অনুষ্ঠিত এ ভোটে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে শুভেচ্ছা জানিয়েছে চীন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ শুভেচ্ছাবার্তা দেয় ঢাকাস্থ চীনা দূতাবাস।
শুভেচ্ছাবার্তায় বলা হয়, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
এর আগে, সফল নির্বাচনের পর বাংলাদেশের জনগণ এবং বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানায় দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত