একইদিনে ‘সুখবর’ পেলেন বিএনপি মনোনীত চারজন প্রার্থী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯ |  আপডেট  : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একইদিনে ‘সুখবর’ পেলেন বিএনপি মনোনীত চারজন প্রার্থী ড. এম এ কাইয়ুম, আসলাম চৌধুরী, সারোয়ার আলমগীর ও ফাহিম চৌধুরী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তাদের আইনগত সব বাধা কেটে গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এম এ কাইয়ুমের বিরুদ্ধে করা রিটটি সরাসরি খারিজের আদেশ দেন।

একই দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আসলাম চৌধুরী, সারোয়ার আলমগীর ও ফাহিম চৌধুরীর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদেশ দেন।

আসন্ন নির্বাচনে ড. এম এ কাইয়ুম ঢাকা-১১ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা স্থগিত চেয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) রিট করেছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তবে আজ হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়েছেন। আদালতের আদেশের পর সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এ সিদ্ধান্তের ফলে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই।

অন্যদিকে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীর, শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর ধানের শীর্ষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে আদেশ দেন হাইকোর্টের আপিল বিভাগ।

জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন। 

এর আগে গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের (ইসি) বৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল আবেদনের ওপর শুনানি হয়।

চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল।

জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করে কমিশন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আসেন। সেখানে প্রার্থিতা ফিরেও পেলেন।

এছাড়া বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে শেরপুর-২ আসনের প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আপিল বিভাগে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনিও।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ ও গণভোট। সে লক্ষ্যে বর্তমানে সারাদেশে চলছে নির্বাচনি প্রচারণা। তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি জোট এবং জামায়াত জোটসহ সব দলের প্রার্থীরা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত