নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও আমরা বিপদের মধ্যে পড়ব: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১ | আপডেট : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার পর যে নির্বাচনটা আমরা পেয়েছি, সেই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই নির্বাচনে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে আমরা আবার বিপদের মধ্যে পড়ব।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমর্থনে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে ঠাকুরগাঁও পৌর বিএনপি।
ভোটের সময় মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যার কারণে আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে।’
স্বাধীনতাযুদ্ধকে নিজেদের অস্তিত্ব মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের শিকড়টাকে জানা উচিত। আমরা একাত্তর সালে একটা স্বাধীনতাযুদ্ধ করেছি। সেই একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদের নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে—আমাদের বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার, আমাদের সন্তানকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। একাত্তর হলো আমাদের মূল, অস্তিত্ব। এটাকে নিয়েই আমাদের এগোতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, একটা গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে অস্তিত্বকে অস্বীকার করা হবে। তিনি বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রশ্নে আমরা আপসহীন। গণতন্ত্রের প্রশ্নে আমরা আপসহীন। উন্নয়নের স্বার্থে আমরা আপসহীন। অসাম্প্রদায়িকতার প্রশ্নেও আমরা আপসহীন। এই বিষয়গুলো হলো আমাদের ভিত্তি। এই ভিত্তি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত