৬ জুলাই হতে চালু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুন ২০২২, ১৪:০১ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮
কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চালু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। আগামী ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন।
আজ বুধবার (২৯ জুন) সকালে রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬ জুলাই থেকে ক্যাটল স্পেশাল ট্রেনের ব্যবস্থার জন্য রেল মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করা যায়, ওই দিন থেকেই ট্রেনটি চালু হবে। ক্যাটল স্পেশাল ট্রেনে গরুপ্রতি খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। প্রতি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে।
অসীম কুমার তালুকদার বলেন, কোরবানির ঈদের আগে ট্রাকে গরু নিয়ে ঢাকা যেতে সময় লাগে প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা। এতে অনেক গরু অসুস্থ হয়ে পড়ে। এ চিন্তা থেকেই ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকা গিয়ে পৌঁছাবে। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।
পশু পরিবহনে কাভার্ড ওয়াগনগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। তবে রোদ-বৃষ্টি প্রবেশের সুযোগ নেই। ফলে পশু অসুস্থ হওয়ার ভয় নেই বলেও জানান এ রেল কর্মকর্তা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত