হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১৫:১২ |  আপডেট  : ২ এপ্রিল ২০২৬, ১৬:০৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন। বিবাদীদের ব্যর্থতা নিয়ে রুলও চাওয়া হয়েছে রিটে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে আজ।

রিটে বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য রুল জারিরও আবেদন করা হয়েছে, যাতে জানতে চাওয়া হয়েছে— হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।

রিটে আরও বলা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি— এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

এ ছাড়া বিবাদীদের অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ, টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা এবং সারা দেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা চাওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত