হাদির ওপর গুলির ঘটনায় পঞ্চগড় সীমান্তে বিজিবির তল্লাশি ও নিরাপত্তা জোড়দার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮ | আপডেট : ৫ আগস্ট ২০২৬, ০৯:০৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলির ঘটনায় পঞ্চগড় সীমান্তে বিজিবির নিরাপত্তা জোড়দার।বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
বিজিবি জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি দেশ ছেড়ে পালাতে না পারে সেই জন্য পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অন্য দেশ থেকে কোনো দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে তারা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ব্যাটালিয়ন সদর ও বিওপির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহলদল মোতায়েন করে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিশেষ টহলের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে। একই সাথে ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইসিপি দিয়ে যাতায়াতকারী সব যানবাহন ও যাত্রীদের নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি কে-৯ ইউনিটের (ডগ স্কোয়াড) মাধ্যমে বিশেষ তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কোনো সন্দেহভাজন ব্যক্তি যাতে পার্শ্ববর্তী দেশে পালাতে না পারে, সে বিষয়ে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে সীমান্ত নিরাপত্তা জোরদার রয়েছে বলেও জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত