হজে গিয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করলে - ৭ বছরের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১ |  আপডেট  : ২ আগস্ট ২০২৬, ০৯:৪৪

সংগৃহীত ছবি

আসন্ন হজে গিয়ে যারা অবৈধভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করবেন তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্কতা দিয়েছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন । এ সংক্রান্ত যে আইন রয়েছে, সেটি যদি কেউ ভঙ্গ করেন তাহলে তাকে ৭ বছর বা তারও বেশি কারাদণ্ড অথবা পাঁচ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ কোটি টাকার সমান।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অনুমতি ছাড়া নগদ অর্থ বা অন্য কোনো সাহায্য সংগ্রহ করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি গুরুতর অপরাধ।

যারা অর্থ সংগ্রহের জন্য সাধারণ হাজিদের সঙ্গে প্রতারণা করবেন তাদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই আইনের মাধ্যমে যে কোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যার মধ্যে রয়েছে, প্রতারণা, মিথ্যার আশ্রয় এবং ভুয়া কাহিনী তৈরি।

এ বছর হজ জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। হজের তারিখ নির্ধারণ হয় মূলত জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে। জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত (মাঝে মাঝে ১৩ তারিখ) হজ অনুষ্ঠিত হয়। ইসলামিক বর্ষপঞ্জির শেষ মাস হলো জিলহজ।

সূত্র: গালফ নিউজ

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত