সোমবার আমেরিকা-ইরান দ্বিতীয় দফার বৈঠকে বসতে পারে, সমঝোতা কি হবে?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫১ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৬, ১৩:০৮

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দ্বিতীয় দফার আলোচনার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

সূত্রগুলোর মতে, উভয় দেশের প্রতিনিধিদল রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত কয়েকদিন ধরে পাকিস্তান কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে দুই পক্ষকে আবার আলোচনায় বসাতে চেষ্টা চালায়।

পাকিস্তানের সরকারি সূত্র জানায়, গত মঙ্গলবার থেকেই এই প্রচেষ্টা জোরদার করা হয়। দুই দেশের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি পাকিস্তানকে মধ্যস্থতার নতুন সুযোগ এনে দিয়েছে এবং সেই সুযোগ কাজে লাগানো হচ্ছে।

এদিকে, আলোচনাকে এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিভিন্ন দেশে সফর শুরু করেছেন। একই সময়ে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে গিয়ে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। অপরদিকে সৌদি আরব ও কাতারের নেতাদের সঙ্গে আলোচনা শেষে শরিফ তুরস্কে পৌঁছেছেন।

যদিও এসব বৈঠকের ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় হঠাৎ তৎপরতা লক্ষ্য করা গেছে। ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন প্রদেশ থেকে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।

এর আগে প্রথম দফার বৈঠকের সময় ইসলামাবাদে প্রায় ১০ হাজার নিরাপত্তা সদস্য নিয়োগ করা হয়েছিল। এবারও একই ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শান্তি আলোচনার সম্ভাবনা আরও জোরালো হয়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত চুক্তি হলে তিনি নিজেও ইসলামাবাদ সফরে যেতে পারেন। তার দাবি, আলোচনার অধিকাংশ শর্তেই ইতোমধ্যে ইরান সম্মত হয়েছে।

উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়, যা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত। তবে দীর্ঘ সময় আলোচনা চললেও কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়।

সূত্র: সিএনএন, এনডিটিভি

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত