সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ

  রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৭ মে ২০২৬, ১৬:৪২ |  আপডেট  : ৭ মে ২০২৬, ১৭:৪৯

নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০০টি পরিবারের মাঝে ২০০টি ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই সহায়তা প্রদান করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর। এই ছাগল পালনের মাধ্যমে পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আকতার।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন সাখা, অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, মিলন হোসেন, ইব্রাহিম খলিল ফটিক, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম বুলেটসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যরা সরকারি এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত