সিংড়ায় দিনভর ইউএনও’র ঝটিকা অভিযান: ১১ ঘণ্টায় ২৪ ব্যাটারি জব্দ
রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:১২ | আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৯:৫১
নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমির মাটি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা সাড়ে ১১ ঘণ্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
অভিযানে মাটিকাটার কাজে ব্যবহৃত যান্ত্রিক সরঞ্জামের ২৪টি বড় ব্যাটারি জব্দ করা হয়েছে।প্রশাসন সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আইন অমান্য করে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে দিনভর উপজেলার ১৬টি পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাটি কাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থলগুলো থেকে ২৪টি বড় ব্যাটারি জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় এলাকাবাসীরা জানান, উপজেলায় সম্প্রতি পুকুর খনন ও মাটিখেকোদের তৎপরতা ব্যাপক হারে বেড়ে গেছে। বর্তমানে চলমান তেল সংকটের মাঝেও এদের এমন দৌরাত্ম্য জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। এছাড়াও ট্রাক্টরে করে মাটি বহনের ফলে সামান্য বৃষ্টিতেই উপজেলার রাস্তাঘাট কাদাটে ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া মাঝে মধ্যেই মাটি বহনকারী ট্রাক্টরের সাথে শিশুসহ বয়স্ক মানুষদের দুর্ঘটনার ঘটনা ঘটছে।
এদিকে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন মহল পুকুর খনন ও মাটি বিক্রির কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রকৃতি ও পরিবেশ আন্দোলনের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা বলেন, মাটি কাটার ফলে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কৃষি জমির উপরিভাগের উর্বর অংশ হারিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বলেন, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এই ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
সিংড়া উপজেলা প্রশাসনের এমন অনমনীয় সিদ্ধান্তে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তবে মাটিখেকোদের এই অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করতে স্থানীয়দের সহযোগিতা ও কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত