সিংড়ায় ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত, আহত ৩
রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৭ মে ২০২৬, ১৬:৪৬ | আপডেট : ৭ মে ২০২৬, ১৭:৫৪
নাটোরের সিংড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় আলী হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ (৭ মে) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকার মেসার্স সিংড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের আচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আলী হোসেন অটোভ্যানযোগে সিংড়া ছাগল হাটের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত সড়কের উল্টো পথে (রং সাইড) চলে যায়। এসময় বগুড়া থেকে নাটোরগামী একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০৬৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আলী হোসেন। ভ্যানচালকসহ আরো ৩ জন আহত হন।
স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন, আজাদ, আজাহার আলী ও সিরাজ। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত আজাহার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম একজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোভ্যানটি সড়কের ভুল দিক দিয়ে চলাচলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত