সিংড়ায় জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৩০, এলাকা রণক্ষেত্র

  রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৯:৪৯ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৬, ২১:২৭

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে এই রক্তক্ষয়ী সংঘাত ঘটে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিল গ্রামের সিরাজুল ইসলাম এবং আবুল কালাম গ্রুপের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই বিরোধপূর্ণ জমিতে ধান কাটার শ্রমিকদের জন্য একটি অস্থায়ী ঘর নির্মাণ করতে যায় এক পক্ষ। এতে অন্য পক্ষ বাধা দিলে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সিরাজুল গ্রুপের আহতদের মধ্যে রয়েছেন, সিরাজুল ইসলাম, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ অন্তত ১৫ জন।অন্যদিকে, কালাম গ্রুপের আহতদের মধ্যে রয়েছেন, হাসি বেগম, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ অন্তত ১৫ জন।

আহতদের দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশি হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত