সিংড়ায় গভীর রাতে গেট ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি: ২২ লাখ টাকার স্বর্ণালংকার লুট

  রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৪:৫২ |  আপডেট  : ১৬ মে ২০২৬, ১৬:১০

নাটোরের সিংড়ায় গভীর রাতে একটি বসতবাড়ির প্রধান ফটক ভেঙে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা আলম প্রামাণিকের বাড়িতে এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৪-৫ জনের একটি অজ্ঞাতনামা সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলম প্রামাণিকের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে বাড়ির সীমানা প্রাচীর (দেয়াল) টপকে ভেতরে প্রবেশ করে এবং পরে ঘরের মূল গেট ভেঙে ভেতরে ঢোকে।

ভেতরে ঢুকেই তারা ঘরে থাকা আলম প্রামাণিকের পুত্রবধূ শ্রাবনী বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। প্রাণনাশের ভয়-ভীতি দেখিয়ে ডাকাতরা ওয়ারড্রবের ড্রয়ারে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে নেয়। ঘটনার সময় পুরো পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। 

ভুক্তভোগী পুত্রবধূ শ্রাবনী বেগম বলেন, গভীর রাতে হঠাৎ দেওয়াল টপকে এবং গেট ভেঙে ৪-৫ জন সশস্ত্র লোক ঘরে ঢুকে আমার ওপর অস্ত্র তাক করে। কিছু বুঝে ওঠার আগেই আমাকে জিম্মি করে ফেলে এবং চিৎকার করলে আমিসহ আমার দুই সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়। জীবন বাঁচানোর ভয়ে আমি নিরব হয়ে যাই। পরে তারা ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে আমাদের সব স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে শ্বাশুড়ির ৫ ভরি ও আমার ৭ ভরি মোট ১২ ভরি স্বর্ণালংকার ছিল। যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা। এছাড়াও নগদ ১ লাখ টাকা নিয়ে গেছে।

দুর্বৃত্তরা মালামাল লুটে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পর, স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। গ্রামবাসীরা জানান, এলাকায় চোর-ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়ায় আবার আগের দিনের মতো রাতের বেলায় গ্রাম পাহারা দেওয়ার সময় এসেছে। নিজেদের জান-মাল রক্ষার্থে এখন নিজেদেরই সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে।"

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত