সিংড়ায় শ্রমিক সংকটে কৃষকের ধান কেটে দিলো কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

  রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১৮:১৮ |  আপডেট  : ১২ মে ২০২৬, ২০:০০

আত্রাই নদীর পানি বৃদ্ধির ফলে চলনবিলে আগাম বন্যায় যখন কৃষকের কপালে চিন্তার ভাঁজ, তখন সিংড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কাস্তে হাতে মাঠে নেমেছেন। ছাত্রলীগকে বর্তমানে 'নিষিদ্ধ' ঘোষণা করা হলেও, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও মানবিক দায়বদ্ধতা থেকে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুক পেজে বাংলাদেশ ছাত্রলীগ, সিংড়া উপজেলা শাখার উদ্যোগে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয় শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়।

ভিডিওতে দেখা যায়, সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েল এর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী চলনবিলের এক অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে।

চলতি মৌসুমে চলনবিলে আগাম বন্যার পানি ঢুকে পড়ায় শত শত বিঘা জমির ধান জলাবদ্ধতা ও পানির নিচে তলিয়ে যাওয়ায় তড়িঘড়ি করে ধান কাটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু তীব্র শ্রমিক সংকটের কারণে সাধারণ কৃষকরা ফসল ঘরে তোলা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। শ্রমিকের উচ্চ মজুরি দিয়ে ধান কাটার সামর্থ্য নেই এমন অসহায় কৃষকদের পাশে দাঁড়াতেই ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও সিংড়া উপজেলা শাখার নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। তাদের দাবি, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কৃষকের স্বার্থে তারা এই কাজ করছেন।

ভিডিওটিতে তীব্র রোদে ধান কাটার সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ধান কাটার ফাঁকে ফাঁকে তারা বিভিন্ন স্লোগানে মাঠ মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে শোনা যায়— "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু", "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" এবং স্থানীয় নেতা জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে "পলক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগান।

ভিডিওটি প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজ ছাড়াও উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক ওয়ালে ভিডিওটি শোভা পাচ্ছে। ভিডিওর কমেন্ট বক্সে সাধারণ মানুষ ও নেটিজেনরা ছাত্রলীগের এই কর্মকাণ্ডকে শুভ কামনা জানাচ্ছেন। অনেকেই কমেন্টে লিখেছেন, "এটি একটি মহৎ উদ্যোগ"।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েল জানান, "ছাত্রলীগকে নিয়ে নানা ষড়যন্ত্র হলেও জননেত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন সাধারণ মানুষের পাশে থাকতে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জননেতা জুনাইদ আহমেদ পলক ভাইয়ের অনুপ্রেরণায় আমরা অতীতেও কৃষকের পাশে ছিলাম, বর্তমানেও আছি।

চলনবিলের কৃষকেরা যখন প্রাকৃতিক দুর্যোগে ফসল হারানোর শঙ্কায় থাকে, তখন ঘরে বসে থাকার সুযোগ আমাদের নেই। আমরা কেবল ধান কেটেই দিচ্ছি না, তা কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি।"

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত