শ্রীনগরে চোরাই ল্যাপটপ সহ ঠিকাদার মিজান ৫ দিন পর গ্রেফতার  

  নজরুল ইসলাম, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৮:৪৯ |  আপডেট  : ২১ এপ্রিল ২০২৬, ২০:৫০

শ্রীনগর উপজেলা প্রকৌশলীর অফিস থেকে চুরি হওয়া সরকারি ল্যাপটপ উদ্ধার সহ ঠিকাদার মিজানকে ৫ দিন পর  গ্রেফতার করতে সক্ষম হয়েছে  পুলিশ। ২১ এপ্রিল মঙ্গলবার  ভোরে ঠিকাদার মিজানকে গ্রেপ্তারের পর তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক পাটাভোগ ইউনিয়নের পূর্ব বেজগাও নিজ  বাড়ি থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।

গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার দিকে প্রকৌশলী মহিফুল ইসলাম তার কক্ষ থেকে বের হওয়ার কয়েক মিনিটের মধ্যে মিজান ফাকা রুম থেকে ল্যাপটপটি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। প্রকৌশলী জানান, মিজানের বড় ভাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন ল্যাপটপ ফেরত দেয়ার দায়িত্ব নিয়েও তিনি ব্যার্থ হন। জানা যায়,  প্রায় ১ বছর আগে কুকুটিয়ার একটি রাস্তা নিয়ে মিজানের বিরুদ্ধে প্রকৌশলী মামলা করেছিলেন। এর পর থেকেই মিজান তার উপর ক্ষিপ্ত ছিলেন। ল্যাপটপটিতে শ্রীনগরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সরকারী তথ্য ছিলো। অবশেষে তা উদ্ধার হওয়ায় উপজেলা প্রকৌশল দপ্তরে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে । 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত