লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু 

  মিজানুর রহমান ঝিলু, লৌহজং (মুন্সীগঞ্জ) থেকে

প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১০:৫৪ |  আপডেট  : ৫ মার্চ ২০২৬, ১২:৪৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই বেদে যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সাতঘড়িয়া গ্রামে সাগর (২৪) ও ছানারুল (১৬) নামে দুই যুবককে বৈদ্যুতিক তার চুরির সময় হাতেনাতে ধরে গ্রামবাসী পিটুনি দেয়। লৌহজং থানা পুলিশ খবর পেয়ে গুরুতর আহত যুবকদ্বয়কে গতকাল বুধবার সকালে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহত সাগর ও ছানারুল উপজেলার গোয়ালীমান্দ্রা বেদেপল্লির বাসিন্দা। সাগর ফরহাদের ছেলে ও ছানারুল শহিদুলের ছেলে। এ ঘটনায় ছানারুলের মা রোকসানা বেগম বাদী হয়ে লৌহজং থানায় হত্যা মামলা করেছে। পুলিশ সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে আটক করেছে।  

সাতঘড়িয়া গ্রামের বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে। কয়েকদিন আগে পাশের একটি খামার থেকে দেড় লাখ টাকা মূল্যের দুটি ছাগল চুরি হয়েছে। এ ছাড়া অনেক বাড়ি থেকে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস চুরি হচ্ছে। এ কারণে এলাকাবাসী চোরচক্রের উপর ক্ষিপ্ত ছিল। 

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বুধবার সকালে ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়৷ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ এ ছাড়া সন্দেহভাজন আটক পাঁচজনকে মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত