লেবাননে ইসরায়েলি হামলায় নিহত চরভদ্রাসনের দিপালী আক্তারের দাফন সম্পন্ন

  ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ৮ মে ২০২৬, ১৮:৫৫ |  আপডেট  : ২৩ জুন ২০২৬, ০৮:২৩

ফরিদপুরের চরভদ্রাসনের প্রবাসী বাংলাদেশি দিপালী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হন তিনি। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজার ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মোল্লার ডাংগি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আত্মীয়-স্বজনসহ শত শত মানুষ অংশ নেন। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। শেষবারের মতো দিপালীকে দেখতে তার গ্রামের বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।

নিহত দিপালী আক্তার চরভদ্রাসনের চর শালেপুর গ্রামের মুকা শেখের মেয়ে। পরিবারের আর্থিক সংকট দূর করতে কয়েক বছর আগে তিনি লেবাননে পাড়ি জমান। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন জানান, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার সময় বোমা বিস্ফোরণে দিপালী নিহত হন। ঘটনার পর থেকেই মরদেহ দেশে আনার জন্য পরিবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করে।

অবশেষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। শুক্রবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুততম সময়ে দিপালীর মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তার পরিবারের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত