রাষ্ট্র ও সমাজকে আমাদের মেরামত করতে হবে: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৪:২৯ | আপডেট : ১৬ মে ২০২৬, ১৬:১৩
রাষ্ট্র ও সমাজ কাঠামোকে নতুনভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য সম্মিলিতভাবে রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থাকে সংস্কার করা জরুরি।
শনিবার বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্য নির্ধারণে জাতীয় ঐকমত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দেশের ইতিহাস যেমন গৌরবময়, তেমনি বিভিন্ন সংকট ও অভিজ্ঞতা জাতিকে আরও পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মানবকল্যাণের উদ্দেশ্যে করা কাজ এবং অর্থনৈতিক স্বার্থে পরিচালিত কাজের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। শিল্প, সাহিত্য ও চলচ্চিত্রের সঙ্গে যুক্তদের এই বিষয়টি স্পষ্টভাবে অনুধাবন করে দায়িত্ব পালন করতে হবে।
সমাজ পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র বা সাংস্কৃতিক আন্দোলনকে শুধুমাত্র একটি গোষ্ঠীর আদর্শে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কারণ এতে অনেক সময় এটি প্রচারণামূলক কর্মকাণ্ডে পরিণত হতে পারে।
তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে গেলে মুক্তচিন্তা ও সৃজনশীলতা বাধাগ্রস্ত হয়, যা সমাজের সামগ্রিক অগ্রগতির জন্য ক্ষতিকর।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত