রাজৈরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষী নিহত
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৪ | আপডেট : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১১
মাদারীপুরের রাজৈরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে খাদে পড়ে দুই মৌচাষী নিহত হয়েছেন। সোমবার ভোররাতে ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ জানায়, মধু সংগ্রহের উদ্দেশ্যে মৌচাকবোঝাই একটি ট্রাকে করে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর এলাকায় যাচ্ছিলেন মৌচাষী রানা (২৭) ও লিখন (১৮)। পথে পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান।
খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে।
নিহত রানা (২৭) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামের আমজেদের ছেলে এবং নিহত লিখন (১৮) একই উপজেলার সামর্থবাড়ী গ্রামের মুক্তারের ছেলে।
এ বিষয়ে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত