রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত জনি
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১৮:১৬ | আপডেট : ৩ আগস্ট ২০২৬, ২৩:০১
রাজশাহীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত মধ্যরাতে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব। এসময় বোমার আঘাতে জনি ইসলাম নামের এক যুবক আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৮ জুন) র্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মৌলভী বুধপাড়া এলাকায় হঠাৎ তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। একই সময় গুলির শব্দও শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের পাশে একটি মোটরসাইকেল ড্রেনে পড়ে থাকতে দেখেন। এছাড়া আহত অবস্থায় জনি ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোহাম্মদ কবির এবং নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। ফলে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে র্যাব-৫ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহতে রেখেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত