যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ | আপডেট : ৮ এপ্রিল ২০২৬, ১৩:৪৭
বেনিয়ামিন নেতানিয়াহু/ ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে, এই চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার চার ঘণ্টা পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।
পাকিস্তানি মধ্যস্থতাকারীরা দাবি করেছিলেন যে, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও কার্যকর হবে। তবে ইসরায়েল সেই দাবি নাকচ করে দিয়েছে।
ইংরেজি ভাষায় দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে। তবে শর্ত হলো, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরান যেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তার আরব প্রতিবেশী এবং বিশ্বের জন্য পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসবাদী হুমকি হয়ে না থাকে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকেও ইসরায়েল সমর্থন করে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরও উল্লেখ করেছে যে, আসন্ন আলোচনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অভিন্ন লক্ষ্যগুলো অর্জনে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ বলে ইসরায়েলকে আশ্বস্ত করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত