ম্যাথু পেরির মৃত্যুতে ১৫ বছরের সাজা 'কেটামিন কুইন' খ্যাত সাংঘার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:২৭ | আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৬:৩৮
'ফ্রেন্ডস' খ্যাত আমেরিকার অভিনেতা ম্যাথু পেরির চাঞ্চল্যকর মৃত্যু হয় ২০২৩ সালে। মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, অতিরিক্ত মাত্রায় কেটামিন নেয়া। হলিউড অভিনেতা ম্যাথু পেরির কাছে প্রাণঘাতি মাদক বিক্রির দায়ে ‘কেটামিন কুইন’ খ্যাত এক নারীকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বিবিসি জানায়, ‘কেটামিন কুইন’ খ্যাত সাংঘার কাছ থেকে কেনা মাদক সেবনের জেরেই ৫৪ বছর বয়সী ‘ফ্রেন্ডস’ তারকা পেরির মৃত্যু হয়েছে।
জাসভিন সাংঘা নামের ওই নারী গত বছরের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে আনীত পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেন। এর মধ্যে ছিল কেটামিন সরবরাহ করে মৃত্যু বা শারীরিক ক্ষতির কারণ হওয়ার অভিযোগ।
অভিযোগকারীরা জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক এই নারীর নর্থ হলিউডের বাসভবনটি ছিল একটি ‘মাদক বিক্রির আড্ডাখানা’। সেখানে ধনী ও প্রভাবশালী গ্রাহকদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হতো।
দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সঙ্গে লড়াই করা ম্যাথু পেরিকে ২০২৩ সালের অক্টোবরে তার লস অ্যাঞ্জেলেসের বাড়ির হট টাবে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যু কেটামিনের তীব্র প্রভাবের কারণে হয়েছে বলে নিশ্চিত করেন তদন্তকারীরা।
কেটামিন একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক, যার কিছু হ্যালুসিনোজেনিক প্রভাব রয়েছে। এটি শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহারের কথা।
বিচারক বলেন, সাংঘাকে তার অপরাধের জবাব দিতে হবে। গ্রেপ্তারের পর থেকে তিনি কোনও অনুশোচনা দেখাননি। আদালতে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে সাংঘা স্বীকার করেন, তার ভুল সিদ্ধান্ত বহু মানুষের জীবন ধ্বংস করেছে। তিনি তার কর্মকাণ্ডের জন্য গভীরভাবে লজ্জিত ও দুঃখিত।
উল্লেখ্য, ম্যাথু পেরির জন্ম ১৯৬৯ সালের ১৯ আগস্ট। তিনি একজন মার্কিন অভিনেতা। ‘ফ্রেন্ডস’ এ অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। ২০১৫ সালে তিনি ‘দ্য ওড কাপল’ টিভি ধারাবাহিকে অভিনয় করেন। ম্যাথু চ্যান্ডলার বিং নব্বইয়ের দশকের ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিলেন। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত সিরিজটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এর শেষ পর্বটি যুক্তরাষ্ট্রের ৫২.৫ মিলিয়ন দর্শক উপভোগ করেছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত