মেয়ের মৃত্যুতে কায়সার হামিদের আবেগঘন বার্তা—‘ভুলত্রুটি ক্ষমা করে দেবেন’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:১০ | আপডেট : ১৬ মে ২০২৬, ১৬:৩৭
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে মেয়ের মৃত্যুর খবর জানান তিনি। আবেগঘন এক বার্তায় তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোন ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।’
তিনি আরও লিখেছেন, ‘যারা এই দু:সময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।’
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রথমে ফুসফুসের সমস্যা ধরা পড়ে এবং পরে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল।
চিকিৎসা সূত্রে জানা যায়, জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। হেপাটাইটিস এ ও ই ভাইরাসের কারণে লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পেলেও সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত