মুন্সীগঞ্জের বালুচরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ২০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১৫:৪২ | আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৪:০৬
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (১০ জুলাই) সকাল ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ৯ জন টেটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে বালুচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব আহত হন।
সকাল ৬টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে সকাল ৯টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এবং আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু (৬০) ও একই এলাকার কালাইচান মাদব্বর (৫৫) সর্মথকদের মধ্যে ফসলি জমির মাটি কাটার টাকার ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল ৬টায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ফসলি জমি মাটি কাটার টাকা ভাগবাটোয়ারা আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন টেটাবিদ্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।
এর আগে গেল ২১ জুন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল, ওই সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছিল।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত