মার্কিন নির্বাচন: রিপাবলিকানদের মধ্যে এগিয়ে ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৫১ | আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৩:৩৮
ডনাল্ড ট্রাম্পের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালে এবং রন ডিস্যানটিস। দুইজনের থেকেই অনেকটা এগিয়ে ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আইওয়া ককাসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীদের মধ্যে থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনই নিশ্চিত করবে রিপাবলিকানদের পক্ষ থেকে কে প্রার্থী হবেন।
ভয়াবহ ঠান্ডার মধ্যে আইওয়া ককাসের নির্বাচন সংগঠিত হয়েছে। আপাতত ভোট গণনা চলছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৭১ শতাংশ ভোট গণনার শেষে ট্রাম্প পেয়েছেন ৫১ দশমিক তিন শতাংশ ভোট। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস পেয়েছেন ২১ শতাংশ ভোট। জাতিসংঘে অ্যামেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালে পেয়েছেন মাত্র ১৮ দশমিক নয় শতাংশ ভোট।
ডনাল্ড ট্রাম্প এদিন নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনীত হবেন। এদিন ভোট শুরুর আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিরুদ্ধে চড়া প্রচারে নেমেছিলেন তিনি। হ্যালের বিরুদ্ধে তার অভিযোগ, মার্কিন এই কূটনীতিক একজন অপ্রয়োজনীয় গ্লোবালিস্ট। অথচ তাকে একসময় জাতিসংঘে পাঠিয়েছিলেন ট্রাম্পই।
গোটা অ্যামেরিকাজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। ক্যাপিটল দাঙ্গার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত কোনো মামলাই তাকে পরবর্তী নির্বাচনের প্রার্থী হওয়া থেকে আটকাতে পারেনি। ১৯৮৮ সালে বব ডোল সবচেয়ে বড় ব্যবধানে আইওয়া ককাসের নির্বাচন জিতেছিলেন। ব্যবধান ছিল ১২ দশমিক আট শতাংশ। এবারের ভোট গণনার ট্রেন্ড বলছে, ট্রাম্প রেকর্ড মার্জিনে জিততে চলেছেন।
(এপি, রয়টার্স)
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত