মাদারীপুর পৌর শহরের পুরান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে সতর্ক করলেন এমপি জাহান্দার আলী মিয়া 

  এসআর শফিক স্বপন ,মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ১২ মে ২০২৬, ১৮:২১ |  আপডেট  : ১২ মে ২০২৬, ১৯:৪৮

মাদারীপুর পৌর শহরের পুরান বাজার কাঁচাবাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও ব্যবসায়িক স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। মঙ্গলবার (১২মে) পৌর প্রশাসককে সঙ্গে নিয়ে তিনি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে পুরান বাজার কাঁচাবাজার এলাকায় রাস্তার জায়গা দখল করে কিছু ব্যবসায়ী অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে ওই এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি ময়লা-আবর্জনা ড্রেনে পড়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছিল। ফলে রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয় এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অভিযানকালে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, যারা রাস্তার জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের অনতিবিলম্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কেউ যদি নির্দেশনা না মানেন, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং জরিমানা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, পৌর সচিব আবু আহমেদ ফিরোজ, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ স্থানীয় নেতাকর্মীরা। অভিযানে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত