মাদারীপুরে মাদক বিরোধী সমাবেশে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের গাছের সাথে বেঁধে রাখার আহ্বান

  মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৪:৫৪ |  আপডেট  : ১৬ মে ২০২৬, ১৬:২৪

“মাদকে না বলি, সুস্থ সুন্দর জীবন ও দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে আয়োজিত এ সমাবেশে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এলাকাবাসী ও যুব সমাজের প্রতিনিধিরা।

শনিবার (১৬ মে) সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া নদীর পাড় এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর মডেল থানার সিনিয়র এসআই ইব্রাহিম হোসেন।

ঝাউদি ইউনিয়নের ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের সচেতন যুবকদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আ. হামিদ আকন এবং সঞ্চালনা করেন জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর মাদারীপুর জেলার পরিচালক রুবেল সরদার।সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. বিল্লাল হোসেন।

এসময় বক্তব্য দেন ছাত্রশিবিরের ঝাউদি ইউনিয়ন সভাপতি আবু সাইদ, ছাত্রদল নেতা জিহাদুর রহমান, ইসলামী ব্যাংক কর্মকর্তা বেলাল হোসেন, ছাত্রদলের জেলা যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান আলম, জামায়াতের ইউনিয়ন আমীর মাওলানা আলী হোসেন, ঝাউদি ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই মাসুদ রানা এবং সদর থানার সিনিয়র এসআই ইব্রাহিম হোসেন।

এ সময় বক্তারা জানান, মাদককারী এবং মাদক সেবন কারীদের পুলিশ প্রশাসন ছেড়ে দিলেও আমরা এলাকাবাসী তাদেরকে ছেড়ে দিব না। আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে গাছের সাথে বেঁধে রাখবো। এতে তারা যদি আমার ভাই চাচা আমার ছেলেও যদি হয় তাদের বিরুদ্ধেও অ্যাকশন নিয়ে যাব। মাদককারী ও মাদক সেবনকারীদের এই গ্রামে ঠাই হবে না। আমরা এই গ্রামটাকে মাদকমুক্ত গ্রাম হিসেবে সারা বাংলাদেশের কাছে পরিচিত করাবো। এর কারণে ছোট ছোট ছেলেমেয়েরা তার বাবা-মায়ের গায়ে হাত তোলে। বাবা মায়ের কথা অমান্য করে। এমনকি বাবা মাকে তারা খুন পর্যন্ত করে। আমরা চাই মাদক নির্মূলে সুন্দর দেশ গড়তে। এই মাদকের ভয়াবহতার কারণে গ্রামে বেড়েছে চুরি ছিনতাই এমনকি রাহাজানি ও মারামারি। আমরা এগুলো চাই না আমরা চাই শান্তি।

সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই যুবকদের মাদকমুক্ত রেখে তাদের মেধাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে। পাশাপাশি অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতনতা তৈরির আহ্বান জানান তারা।

বক্তারা মাদকের কারণ, কুফল ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। পুলিশ কর্মকর্তারা মাদক নিয়ন্ত্রণে আইনের যথাযথ প্রয়োগের আশ্বাস দেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত