মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, বেসরকারি হাসপাতালে ভাঙচুর

  এসআর শফিক স্বপন মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৩৭ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৬, ২০:১৯

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ছিলাচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার বিলকিস বেগম নামে এক নারী রোগী শরীরে একটি ফোঁড়া নিয়ে চিকিৎসা নিতে শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করা হয়।অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে পরিবারের সদস্যরা বিলকিস বেগমকে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে রাত আনুমানিক ১১টার দিকে তিনি মারা যান বলে অভিযোগ করা হয়।

রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে নিহতের স্বজনরা হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং এক পর্যায়ে হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। ভাঙচুরে হাসপাতালের চিকিৎসকের চেম্বার, রিসিপশনসহ গুরুত্বপূর্ণ অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে মাদারীপুরের সিভিল সার্জন ডা:মোহাম্মদ শরীফুল আবেদীন কমল   জানান, রোগীর মৃত্যুর বিষয়টি শুনেছি। অনলাইনে অবগত হয়েছি। ইতিমধ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত