মাদারীপুরে পরিবেশ আদালতের অভিযানে ৮ ইটভাটা ও ২ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২০:৪৬ | আপডেট : ২৩ মে ২০২৬, ২২:৪৩
মাদারীপুর শহরের পানিছত্র এলাকাসহ বিভিন্ন স্হানে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ আদালতের বিশেষ অভিযানে ৮টি ইটভাটা ও ২টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অর্থদণ্ড ও আইনি ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন।
অভিযান সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণ, পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং আইন অমান্যের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে অভিযুক্ত ১টি ইটভাটাকে নগদ অর্থ জরিমানা এবং অন্যদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সুপার ব্রিকস, মেসার্স শেফা সাজ্জাদ ব্রিকস, মেসার্স জেএম ব্রিকস, এমএমবি ব্রিকস, অগ্রণী ব্রিকস, এমআরবি ব্রিকস, কেএমএইচ ব্রিকস ও মেসার্স নিশান ব্রিকসসহ আরও একটি ইটভাটা।
এদিকে শহরের পানিছত্র এলাকার ‘স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটাল লিঃ’-এ অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের বাধ্যতামূলক পরিবেশগত ছাড়পত্র না পাওয়ায় একটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, অভিযান চলাকালে আইনগত ব্যবস্থা এড়াতে স্পেশালাইজড মেডিকেল কেয়ার লিঃ হাসপাতাল কর্তৃপক্ষ পরিবেশ আদালতকে অনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা করে। তবে স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ এলিয়াম হোসেন তাৎক্ষণিকভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। একই এলাকার ‘কে আই হসপিটাল’-এই অভিযান চালানো হয়।
সেখানে প্রয়োজনীয় নিয়ম ও পরিবেশগত শর্তাবলি সামান্য লঙ্ঘনের বিষয়টি সনাক্ত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং স্পেশালাইজড কেয়ার হাসপাতালে পরিবেশগত ছাড়পত্র, ইটিপি না থাকায় ও সংশ্লিষ্ট আইনের বিদ্যমান ধারা লঙ্ঘন পাওয়ায় উক্ত হাসপাতালের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে পরিবেশগত নিয়মনীতি অমান্য করে কালো ধোঁয়া নির্গমন ও পরিবেশ দূষণের দায়ে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন বলেন, “পরিবেশ আইন অমান্যকারী এবং আইন প্রয়োগকারী সংস্থাকে অনৈতিক সুবিধা দিতে চাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত