মাদারীপুরে এতিম ও অসহায় পরিবারের চলাচলের পথ বন্ধ, প্রাণনাশের হুমকির অভিযোগ
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২০:০১ | আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২১:৩১
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চলাচলের পথ বন্ধ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিমালা কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের বাসিন্দা সিমালা (৩০) দীর্ঘদিন ধরে নিজ পরিবার নিয়ে একই বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ে ও এক ছেলে রিফাতকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। ছেলে রিফাত ঝালমুড়ি বিক্রি করে পরিবারের ভরণপোষণ চালান। বাবা হারিয়ে অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে নিতে হওয়ায় রিফাতকে চরম কষ্টের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী সিরাজ খলিফা (৫০), সাইফুল খলিফা (৩০), আরিফ খলিফা (৩২) ও অহিদুল খলিফা (২৮)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগীর অভিযোগ, বিবাদীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা প্রায়ই ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
সিমালার দাবি, সম্প্রতি তার কবলাকৃত জমিতে যাতায়াতের চলাচলের পথ বন্ধ করে সেখানে নির্মাণকাজ শুরু করে বিবাদীপক্ষ। গত ২৪ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে নিজ বাড়ির সামনে চলাচলের পথে বালু ভরাট করতে গেলে বিবাদীরা বাধা দেয়। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের চেষ্টা করে। পাশাপাশি সিমালা ও তার পরিবারের ক্ষতিসাধনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে প্রভাবশালী সিরাজ খলিফার ছেলে আরিফ খলিফা প্রকাশ্যে রিফাতকে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও স্থানীয়দের হাতে এসেছে বলে জানা গেছে। এতে সিমালা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
তবে অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আরিফ খলিফা সব অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে সিরাজ খলিফা স্বীকার করেন, আট অংশ জায়গার মধ্যে একটি অংশ রিফাত কিনেছেন। তবে দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধ করার বিষয়ে তিনি এড়িয়ে যান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত সিমালা কালকিনি থানায় লিখিত অভিযোগ করেন।এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত