মাদারীপুরে অসময়ে টানা বর্ষনে ধানক্ষেতে বিপর্যয় : দিশেহারা প্রান্তিক কৃষক  

  এসআর শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ৩ মে ২০২৬, ১৬:৫৬ |  আপডেট  : ৩ মে ২০২৬, ১৮:২৭

টানা তিন দিনের অসময় বৃষ্টিতে মাদারীপুরে কৃষি খাতে নেমেছে ভয়াবহ বিপর্যয়। বিশেষ করে আগাম জাতের রোপা আমন ধান পানিতে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অনেক জায়গায় পানি নামার ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। টানা বৃষ্টিতে জমে থাকা পানি দ্রুত অপসারণ না করা গেলে, ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা। তাই জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা মধ্যচক এলাকা। বিস্তীর্ণ ফসলি জমি এখন যেন ছোট ছোট জলাধারে পরিণত হয়েছে। চোখ যতদূর যায়, পানির নিচে ডুবে আছে পাকা ধান। কোথাও এক হাঁটুর ওপরে ভাসছে ধানগাছ, কোথাও আবার পুরো ক্ষেতই তলিয়ে গেছে।মাত্র কয়েকদিন আগেও যে মাঠ ছিল সোনালি ফসলে ভরা, সেই মাঠ এখন কৃষকের হতাশার প্রতিচ্ছবি। অনেক ক্ষেতেই ধান হলুদ হয়ে নষ্ট হতে শুরু করেছে।কৃষি মৌসুমের শেষ সময়ে এমন বৃষ্টি তাদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।তবে বিপরীত চিত্রও আছে। অনাবৃষ্টির কারণে পাটের ফলন তুলনামূলক ভালো হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন কৃষকরা। কিন্তু ধানের ক্ষতির পরিমাণ এত বেশি যে সেই স্বস্তি খুব একটা কাজে আসছে না।

কৃষক সলেমান কাজী কান্না জড়িত কন্ঠে বলেন, “অনেক কষ্ট করে ধান লাগাইছি। ভালো ফলনের আশা ছিল। কিন্তু এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এখন পানি না নামলে ধান পচে যাবে।”

একই অবস্থা পাচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের কৃষক রহমান বাদশার ধানের জমিতে বর্ষনে তলিয়ে যাওয়ায় হতাশা বিরাজ করছে। দ্রুত পানি নিস্কাসন করতে না পারলে হয়তো ধানের পচণ ধরবে বলে আশংকা করছেন। তবে মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার জানান, বৃষ্টিতে কিছু কিছু জায়গায় ধানের ক্ষতি হলেও এবারে ধানের ফলন অনেক ভালো হয়েছে।

মাদারীপুরে চলতি মৌসুমে মাদারীপুরে ৩৩ হাজার ৭৭০ হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৩২ হাজার ৭৮০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। এবার সাড়ে ১ লাখ ৪৫ হাজার ৯২১ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত