মাদারীপুরের ফল ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামিকে ঝিনাইদহ থেকে গ্রেফতার
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৭:৫৯ | আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮
মাদারীপুরের রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখ হত্যাকাণ্ডের প্রধান আসামি মোঃ আল আমিন খান (৩৫)-কে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় র্যাব-৮ ও র্যাব-৬-এর একটি যৌথ আভিযানিক দল ঝিনাইদহ সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আল আমিন সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করার পর এই অভিযান চালানো হয়।
গত ২৪ মার্চ ২০২৬ তারিখ সকালে রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের জাকির শেখের মেয়ে জামাতা রাসেল কাজীকে পূর্ব শত্রুতার জেরে মারধর করে একদল সশস্ত্র হামলাকারী। খবর পেয়ে জাকির শেখ ও তার স্ত্রী রেখা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারণ জানতে চাইলে আসামিরা তাদের ওপর চড়াও হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, ১নং আসামি ও তার সহযোগীরা রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে জাকির শেখের ওপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৯) দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে।
র্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর)-এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত