মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১৮:৪৪ |  আপডেট  : ২২ মার্চ ২০২৬, ২০:৩২

বাসস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল।তিনি বলেন, ‘মহান স্বাধীনতা দিবস বিশ্ব মানচিত্রে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয় দিয়েছে। অনেক প্রাণ ও রক্তপাতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান দিশেহারা জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন।’

আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিজভী আহমেদ বলেন, ‘স্বাধীনতা অর্জনের যে গৌরব, তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। তবে যারা স্বাধীনতাকে দুর্বল করতে চেয়েছিল, তারা আজ পরাজিত। বিগত সময়ে মানুষের সকল স্বাধীনতা কেড়ে নিয়ে গুম ও খুনের মাধ্যমে এক ভয়াবহ বন্দিদশা এবং উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করা হয়েছিল।’

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, তার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন মানুষ কমপক্ষে নির্ভয়ে কথা বলতে পারছে। অন্তত এইটুকু নিশ্চয়তা তৈরি হয়েছে যে, মন খুলে কথা বললে এখন আর গুম বা খুনের শিকার হতে হবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমান দেশের মানুষের সামনে যে স্বপ্ন দেখিয়েছেন, তা পূরণের লক্ষ্যে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। তবে সবকিছু গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন।

তিনি বলেন, নতুন গণতন্ত্রের যে পথচলা শুরু হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। যারা এখনো কুৎসা রটাচ্ছে, তাদের গায়ে ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। বর্তমান সময়ে গঠনমূলক সমালোচনা করার পরও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছে না- এটিই নতুন বাংলাদেশের বড় অর্জন।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন রিজভী। তিনি জানান, ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ওইদিন কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে বলেও জানান তিনি।এছাড়া আগের দিন ২৫ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের শীর্ষ নেতারা আলোচনায় বক্তব্য রাখবেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

কর্মসূচির মধ্যে রয়েছে—

১. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

২. ২৬ মার্চ ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।

৩. জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতা ও সর্বস্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ঐদিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

৪. আগামী ২৫ মার্চ (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় নেতাসহ দেশবরেণ্য ব্যক্তিরা আলোচনা সভায় বক্তব্য রাখবেন।

৫. ইতোমধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোস্টার করা হয়েছে এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

৬. সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্য কর্মসূচির আয়োজন করবে।

৭. অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।
দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হয়েছে সংবাদ সম্মেলনে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত